মৌলভীবাজারে জামিনের প্রলোভন দেখিয়ে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ফারুক আহমদ (৪৯) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (১ জুলাই) গভীর রাতে বড়লেখা উপজেলার মুড়াউল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি বুধবার (২ জুলাই) বিকেলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।
পুলিশ জানায়, ভুক্তভোগী নজরুল ইসলাম কুলাউড়া উপজেলার বাসিন্দা। তার ভাই রুহুল আমিন একাধিক মামলায় কারাবন্দি ছিলেন। এ সুযোগে বড়লেখা থানার পানিধারা এলাকার বাসিন্দা ফারুক আহমদ নিজেকে প্রভাবশালী পরিচয়ে পরিচিত করে দাবি করেন, তিনি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জামিনের ব্যবস্থা করে দিতে পারেন।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ কুলাউড়া পৌর এলাকার নূরজাহান রেস্টুরেন্টে সাক্ষীদের উপস্থিতিতে নজরুল ইসলামের সঙ্গে ফারুকের একটি চুক্তি হয়। শর্ত ছিল, তিন দিনের মধ্যে জামিন না হলে ২ লাখ ৫০ হাজার টাকা ফেরত দিতে হবে। সেই চুক্তির ভিত্তিতে টাকা দেওয়া হয় একটি পূবালী ব্যাংক অ্যাকাউন্টে।
তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও জামিন না হওয়ায় টাকা ফেরত চাইলে ফারুক নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে তিনি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং হুমকিও দেন বলে অভিযোগে বলা হয়েছে।
থানায় দেওয়া এজাহারে আরও উল্লেখ করা হয়, ফারুক একই কৌশলে নজরুলের এক আত্মীয়কে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে আরও প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে নজরুল ইসলাম কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দেন। তার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, টাকার বিনিময়ে জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণা করা একটি গুরুতর অপরাধ। এতে জনগণের আইনের প্রতি আস্থা ক্ষুণ্ণ হয়। জেলা পুলিশ এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। এ ঘটনায় কুলাউড়া থানায় মামলা রুজু করা হয়েছে।
