বঙ্গোপসাগরে ৩ ঘণ্টা ভেসে থেকে প্রাণে বাঁচলেন ৭ জেলে

আপডেট : ০২ জুলাই ২০২৫, ১০:৫৬ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন উত্তাল বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ৭ জেলেসহ ট্রলার ডুবির ঘটনা ঘটে। ৩ ঘণ্টা সাগরে ভাসার পর স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে পরিবারের কাছে পাঠিয়েছে নৌ পুলিশ।

বুধবার (০২ জুলাই) দুপুরে কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন বঙ্গোপসাগরের ৬-৭ কিলোমিটার গভীরে এই দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনার শিকার জেলেরা হলেন— মো. হাসান ঘরামি (৩৬), মো. তানিম (২০), মামুন (৩২), ইসমাইল (৩৩), মাহাবুব (৩১), নাঈম (২২), ওলিউল্লাহ (২০)।

তারা সবাই কুয়াকাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা।

ভুক্তভোগীরা জানান, দূর্ঘটনার পরে জেলেরা সমুদ্রে ভাসতে থাকে একপর্যায়ে ৫ জন জেলেকে স্থানীয় অন্য একটি ট্রলার উদ্ধার করে। বাকি দু'জন ভাসতে ভাসতে তীর এলাকার কাছাকাছি চলে আসে। এক পর্যায়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশের নজরে আসলে স্থানীয় পর্যটক বহনকারী স্পিডবোট পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।

দূর্ঘটনায় কবলিত ট্রলারটির মাঝি তানিম জানান, সকালে আমরা মাছ ধরতে সমুদ্রে যাই, দুপুর ১২ টার দিকে সমুদ্র হঠাৎ উত্তাল হলে আমাদের ট্রলারটি ডুবে যায়। আমরা ট্রলার ধরে ভাসতে থাকি। পরে অন্য ট্রলার গিয়ে আমাদের উদ্ধার করে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, আমাদের সদস্যরা সৈকতে দায়িত্ব পালন করার সময় দুজন জেলেকে ভাসমান দেখে তৎক্ষনাৎ সৈকতে স্পিডবোট পাঠিয়ে তাদেরকে উদ্ধার করি। পরে বাকি পাঁচজনকেও উদ্ধার করি আমরা।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরে ৭ জন জেলেকে তীরে নিয়ে আসতে সক্ষম হই। তারা সবাই সুস্থ আছেন এবং সবাইকে পরিবারের কাছে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত ট্রলারটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তবে সেটিও উদ্ধার করতে সক্ষম হয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত