ঢাকাসহ ৯ এলাকায় বজ্রবৃষ্টির আভাস

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৮:৩৮ এএম

ঢাকাসহ দেশের অন্তত ৯টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির এই প্রবণতার কারণে সারাদেশেই দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত