মাইক্রোসফটের সার্ভারে বিভ্রাট, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩০ এএম

মাইক্রোসফটের ই-মেইল সেবা আউটলুকসহ প্রতিষ্ঠানটির একাধিক অনলাইন সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার এ সমস্যার কারণে হাজারো ব্যবহারকারী ই-মেইল ব্যবহার এবং কর্মক্ষেত্রের বিভিন্ন অ্যাপে প্রবেশ করতে গিয়ে ভোগান্তিতে পড়েন। খবর আল জাজিরার।

সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টার কিছু পর আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ বেড়ে প্রায় ১ লাখ ৩০ হাজারে পৌঁছায়। এ সময় অনেক ব্যবহারকারী জানান, তাঁরা ই-মেইল পাঠাতে বা গ্রহণ করতে পারছেন না। আবার কেউ কেউ নিজেদের ইনবক্সেও প্রবেশ করতে পারছেন না।

তবে বিকেল ৩টার কিছু আগে অভিযোগের সংখ্যা কমে প্রায় ৭৭ হাজারে নেমে আসে।

আউটলুকের পাশাপাশি মাইক্রোসফটের কর্মক্ষেত্রে যোগাযোগের অ্যাপ টিমস, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলট এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবা ব্যবহারেও সমস্যার কথা জানিয়েছেন গ্রাহকেরা। মাইক্রোসফট জানিয়েছে, বিশ্বের যেকোনো অঞ্চলের ব্যবহারকারীরা এ সমস্যার মুখে পড়তে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মাইক্রোসফট জানায়, তাদের কয়েকটি সার্ভার অকার্যকর হয়ে পড়েছে এবং স্বয়ংক্রিয় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না। এতে সচল থাকা সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, অবকাঠামোর কয়েকটি অংশে বেড়ে যাওয়া ট্রাফিক অন্য সার্ভারে ছড়িয়ে দিতে একটি কনফিগারেশন পরিবর্তন পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সেবাগুলো পুনরায় চালু করতে সংশ্লিষ্ট সার্ভারগুলো রিস্টার্ট করা হচ্ছে।

মাইক্রোসফট বলেছে, ‘নিরাপদভাবে সেবাগুলো পুনরায় চালু করতে আমরা কাজ করছি।’

তবে কখন নাগাদ সব সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানায়নি প্রতিষ্ঠানটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত