এজবাস্টনে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা যেন ছিল শুভমান গিলের নিখুঁত ব্যাটিং শিল্পের প্রদর্শনী। অধিনায়ক হিসেবে প্রথম শতক করেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছেন তিনি। ৩১০ রানে ৫ উইকেট হারিয়ে দিন শেষ করে ভারত, গিল অপরাজিত ১১৪ রানে। তার সঙ্গে ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে রইলেন রবীন্দ্র জাদেজাও (৪১*)।
শুভমানের এই ধীরস্থির অথচ আত্মবিশ্বাসী ইনিংস দেখে প্রশংসায় ভাসিয়েছেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এক্সে (সাবেক টুইটার) শচীন লিখেছেন, “শুরু থেকেই ছন্দে ছিলেন। ইতিবাচক, সাহসী আর চতুর আগ্রাসনে খেলেছেন। আর গিল ছিলেন বরাবরের মতো শান্ত, চাপে স্থির, রক্ষণে মজবুত এবং পুরোপুরি নিয়ন্ত্রণে। দুজনেই দুর্দান্ত ইনিংস খেলেছে। বাহবা, ছেলেরা!”
শুধু শচীনই নন, ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসও মুগ্ধ গিলের ব্যাটিংয়ে। “ওকে এলবিডব্লিউ করার একটা সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু ওর ব্যাটে হালকা লাগা ছিল। এ ছাড়া বাকি সময় ও পুরোপুরি নিয়ন্ত্রণেই ছিল। ও অসাধারণ ব্যাট করেছে। দলের জন্য বড় একটি ইনিংস।”
দিনের শুরুটা রাঙিয়ে দেন যশস্বী জয়সওয়াল। কেএল রাহুল দ্রুত বিদায় নেওয়ার পর আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে থাকেন এই ওপেনার। ৮৭ রানের ঝলমলে ইনিংসে জয়সওয়াল গড়েন দুটি ৫০ রানের জুটি—একটি করুণ নায়ার এবং অন্যটি শুভমান গিলের সঙ্গে।
খেলার পর জয়সওয়ালও মুগ্ধতার সুরে বলেন, “গিল ভাই অসাধারণ ব্যাটিং করেছেন। তার ব্যাটিং দেখা ছিল চোখ জুড়ানো। অধিনায়ক হিসেবেও তিনি চমৎকার নেতৃত্ব দিচ্ছেন। আমরা সবাই জানি আমাদের কী করতে হবে, আর সেটাই আত্মবিশ্বাস যোগাচ্ছে।”
তিনি আরও যোগ করেন, “আমরা সবাই ব্যাটিং উপভোগ করছি। পরিকল্পনা একটাই—যে সেট থাকবে, সে-ই খেলবে গভীরে পর্যন্ত। আমরা একই মানসিকতা নিয়ে খেলছি।”
মেঘলা আকাশের নিচে টস জিতে প্রথমে বল করে ইংল্যান্ড। অপরিবর্তিত দল নিয়ে নেমে ভারতের বিপক্ষে শুরুতে চেপে ধরলেও গিল–জয়সওয়ালের দৃঢ়তায় ম্যাচের লাগাম চলে যায় সফরকারীদের হাতে। আর সেই দৃঢ়তার মূলে ছিলেন যিনি, তিনি তো শুভমান গিল—‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’।
বিশ্বাসই হচ্ছে না শাস্ত্রী-স্টেইনের, এমন টেস্টে কেন নেই বুমরা!
৫ রানে নেই ৭ উইকেট, তবু রেকর্ডটা বাংলাদেশের নয়