হবিগঞ্জে চোরের ছুরিকাঘাতে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০১:৪২ পিএম

চোরের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এসএসসি পরীক্ষার ফলপ্রত্যাশী জনি দাশ (১৬)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে হবিগঞ্জ শহরের দিয়ানতসাহা বাড়ি এলাকায়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে জনি দাশ ঘরের দরজায় নড়াচড়ার আওয়াজ পেয়ে ঘুম থেকে জেগে উঠেন। চোরের আগমন টের পেয়ে তার বড় ভাই কলেজ ছাত্র সাগর দাশ জয়কে ঘুম থেকে জেগে তুলেন। 

জনি দাশ ও তার ভাই দরজা খুলে বের হয়ে এক চোরকে ধরে ফেলেন। এসময় দুই ভাইয়ের সাথে চোরের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে চোর জনির বুকসহ শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে গুরুত্বর জখম করে পালিয়ে যায় ।

চোরের ছুরিকাঘাতে জনির ভাইও আহত হন। আহত দুই ভাইকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে জনি দাশকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত জনি এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি নরধন দাশের ছেলে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হবিগঞ্জ থানার ওসি ( তদন্ত) সজল সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোরের সাথে ধস্তাধস্তি করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতকে গ্রেপ্তারের অভিযান চলছে। এখনও মামলা হয়নি জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত