কুমিল্লার মুরাদনগরে এক নারীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় গ্রেপ্তার চার যুবকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া চার যুবক হলেন মুরাদনগর উপজেলার বাহেরচর গ্রামের সুমন, রমজান, মো. আরিফ ও মো. অনিক।
মামলার তদন্ত কর্মকর্তা ও মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন আসামিদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুন (বৃহস্পতিবার) রাতে মুরাদনগরের এক নারী ধর্ষণের শিকার হন। সে সময় নারীকে মারধর করা হয় এবং তার ভিডিও ধারণ করা হয়। অভিযুক্তরা ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ঘটনার কয়েক দিন পর গত শনিবার (২৯ জুন) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভুক্তভোগী নারী মামলা দায়ের করলে পুলিশ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে চার যুবককে গ্রেপ্তার করে। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে দায়ের করা পৃথক মামলায় স্থানীয় যুবক ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ধর্ষণ ও ভিডিও ছড়ানোর দুটি ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। উভয় মামলার তদন্ত চলছে। আরও অভিযুক্তদের শনাক্তে কাজ করছে পুলিশ।
সাবেক প্রতিমন্ত্রীর রাজনৈতিক পিএস রাশেদ গ্রেফতার
ইতালির নাগরিক তাবেলা হত্যা: ৩ জনের যাবজ্জীবন