এআইয়ে ঝুঁকেছে মাইক্রোসফট, চাকরি হারাবেন ৯০০০ কর্মী!

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৬:৪৭ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের পেছনে বড় অংকের বিনিয়োগের খরচ সামলাতে গিয়ে মোট কর্মীর ৪ শতাংশ বা প্রায় ৯ হাজার ছাঁটাই করার ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট। বুধবার এ ঘোষণা দেয় বিশ্বের অন্যতম বৃহৎ এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

২০২৪ সালের জুন পর্যন্ত মাইক্রোসফটের বিশ্বব্যাপী মোট কর্মী সংখ্যা ছিল প্রায় ২ লাখ ২৮ হাজার। এর মধ্যে গত মে মাসেই কোম্পানি প্রায় ৬ হাজার কর্মী ছাঁটাই করে।

ব্লুমবার্গ নিউজ গত মাসে জানায়, প্রতিষ্ঠানটি বিক্রয় বিভাগসহ আরও হাজার হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে।

উইন্ডোজ নির্মাতা এই প্রযুক্তি প্রতিষ্ঠান ২০২৫ অর্থবছরের জন্য ৮০ বিলিয়ন ডলার ব্যয় করার অঙ্গীকার করেছে। তবে এআইয়ের ব্যয় এতটাই বেড়ে গেছে যে এতে কোম্পানির লাভের অংশে চাপ পড়েছে। এমনকি জুনের শুরুতে তাদের ক্লাউড বিভাগ থেকেও গত বছরের তুলনায় লাভ কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

এই ছাঁটাইয়ের খবর প্রথম জানায় দ্য সিয়াটল টাইমস। অন্যদিকে ব্লুমবার্গ নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফটের বার্সেলোনাভিত্তিক কিং ডিভিশন, যারা ক্যান্ডি ক্রাশ ভিডিও গেম তৈরি করে, তাদের কর্মীদের ১০ শতাংশ বা প্রায় ২০০ জন ছাঁটাই করেছে।

মাইক্রোসফটের গেমিং বিভাগও এই ছাঁটাইয়ের আওতায় পড়েছে। তবে পুরো বিভাগ এর আওতায় নয় বলে বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত