ময়মনসিংহ নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মজনু মিয়া (৩২) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার (০২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের শম্ভুগঞ্জের পুলিয়ামারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শিবপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।
মজনু মিয়া পরিবারের সদস্যদের নিয়ে শহরের জেলরোড তালতলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানে থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার দুপুরে মজনু মিয়া রিকশা নিয়ে বের হন। নগরীর শম্ভুগঞ্জের পুলিয়ামারী এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের সঙ্গে দস্তাদস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা মজনুর গলা ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্যে মজনু মিয়াকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে মামলার প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।
