ঝিনাইদহের হরিণাকুন্ডুর ভালকি গ্রামে পরকীয়ার জেরে চাঞ্চল্যকর জসিম হত্যা মামলায় স্ত্রী রিতা খাতুন ও তার প্রেমিক আব্দুল মালেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য এই রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মামুনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেন।
দণ্ডিতরা হলেন রিতা খাতুন হরিণাকুন্ডু উপজেলার কেষ্টপুর গ্রামের জয়নাল মন্ডলের মেয়ে এবং তার পরকীয়া প্রেমিক আব্দুল মালেক একই উপজেলার ভালকি গ্রামের জালাল মন্ডলের ছেলে।
মামলার বিবরণে জানাগেছে, ২০২২ সালের ১৭ নভেম্বর রিতা খাতুন ও তার পরকীয়া প্রেমিক আব্দুল মালেক কৌশলে বাড়ির পাশে ডেকে নিয়ে জসিম উদ্দিনকে চেতনানাশক খাইয়ে হত্যা করেন। পরে এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই অনিশ মন্ডল আদালতে চার্জশিট দাখিল করেন। ২০ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত উল্লেখিত রায় দেন।
রায় ঘোষণার পর মামলার বাদী আব্দুর রশিদ জানান, আসামিদের ফাঁসি হলে আরও খুশি হতাম। দণ্ডিত আসামি তার ভাবি রিতা ও আব্দুল মালেক পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করেছে। যা আমরা আদালতে প্রমাণ করতে সমর্থ হয়েছি।
১ লাখ শিক্ষক নিয়োগের আবেদন স্থগিত