২০২২ সালে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান রিশাভ পান্ত। সেই দুর্ঘটনায় তার গাড়িতে আগুন ধরে গিয়েছিল। একই ঘটনা ঘটেছে লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোটার ক্ষেত্রেও। তবে জোটার ভাগ্য এতটা ভালো নয়। তিনি বাঁচতে পারেননি। ছোটভাই আন্দ্রে সিলভাসহ মারা যান ঘটনাস্থলেই। কী হয়েছিল জোটার সাথে? রিশাভই বা কীভাবে বেঁচে গিয়েছিলেন?
বাংলাদেশ সফর থেকে দেশে ফিরেই নিজে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন পান্ত। গভীর রাতে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে রাস্তার উল্টো পাশে ছিটকে যায়। সাথে সাথে আগুন ধরে যায় গাড়িতে। এমন সময় হাইওয়ে ধরে ট্রাক নিয়ে যাচ্ছিলেন সুশিল কুমার ও তার সহকারী পরমজিৎ। ক্রিকেটে আগ্রহ নেই বিধায় তারা রিশাভকে চিনতেন না। স্রেফ আহত একজন মানুষ মনে করেই দ্রুত পান্তকে তারা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ কারণেই সে যাত্রায় বেঁচে যান রিশাভ। আর কয়েক মিনিট দেরি হলেই সব শেষ হয়ে যেত!
কিন্তু দিয়েগো জোটার ক্ষেত্রে কী ঘটেছিল? স্কাই স্পোর্টস বলছে, ভাই আন্দ্রেকে নিয়ে বৃহস্পতিবার রাতে নিজেই গাড়ি (ল্যাম্বরগিনি) চালাচ্ছিলেন জোটা। স্থানীয় সময় রাত ১২.৪০ মিনিটের দিকে স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়ার এ–৫২ মহাসড়কে পৌঁছালে হঠাৎই তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। সাথে সাথে গাড়িতে আগুন ধরে যায়। তাদের উদ্ধারের কেউ ছিল না। ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান।
মাত্র ১০ দিন আগে দীর্ঘদিনের বান্ধবী রুট কার্ডোসোকে বিয়ে করেছিলেন এই পর্তুগিজ স্ট্রাইকার। তাদের তিনটি সন্তান আছে। স্থানীয় পুলিশ বলছে, ‘দুর্ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যে জানা গেছে, একটি ল্যাম্বরগিনি অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় চাকার বিস্ফোরণের কারণে রাস্তা থেকে ছিটকে পড়ে। এরপর গাড়িটিতে আগুন ধরে যায়। আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে জামোরা প্রদেশের সানাব্রিয়া পৌরসভায় এই দুর্ঘটনা ঘটে। দুজন নিহত হয়েছে।’
দুটি দুর্ঘটনাই ঘটেছে গাড়ির অতিরিক্ত গতির কারণে। রিশাভ ভাগ্যবান, কিন্তু জোটা মোটেও ভাগ্যবান নন। মাত্র ২৮ বছর বয়সে তার জীবনপ্রদীপ নিভে গেল। রিশাভও দুর্ঘটনায় পতিত হয়েছিলেন ২৪ বছর বয়সে। সুস্থ হওয়ার জন্য দীর্ঘ সংগ্রাম করে তিনি আবারও ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে হেডিংলিতে প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরিও করেছেন। আর জোটা হয়ে গেছেন কেবলই স্মৃতি।
নারী দলের জন্য শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি কিরণের
সিদ্ধান্ত ভারতের পক্ষে যাওয়ায় শরফুদ্দৌলার ওপর নাখোশ ক্রিস ওকস
ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে গাভাস্কার-রাহুলের পাশে শুবমান গিল
মাত্র ১২ দিন আগে বিয়ে করেছিলেন জোটা, দুর্ঘটনায় সব শেষ!