সব বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ স্থাপনে ঐকমত্য

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৯:২৮ পিএম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি জানান, সংবিধানের ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতির যে কোনো দণ্ড ক্ষমা বা হ্রাস করার অধিকার থাকবে, তবে ন্যায়বিচার নিশ্চিতে রাষ্ট্রপতির কাছে আবেদনের আগে ‘ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার বৈধ উত্তরাধিকারের মতামত গ্রহণ নিশ্চিত করতে হবে’।

এছাড়া বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের মাধ্যমে সকল বিভাগে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের বিষয়েও রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে, তবে রাজধানীর বাইরে প্রতিটি বিভাগে প্রধান বিচারপতি কর্তৃক নির্ধারিত এক বা একাধিক বেঞ্চ থাকবে।

অর্থাৎ হাইকোর্টের স্থায়ী বেঞ্চ ঢাকা ছাড়াও প্রতিটি বিভাগীয় শহরে থাকবে, এবিষয়ে ঐক্যমত্য হয়েছে হয়েছে, জানান আলী রীয়াজ।

জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে বলে জানা যায়।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার নবম দিনের আলোচনার পর সাংবাদিকদের এসব বিষয় জানানো হয়।

এছাড়া আজকের আলোচনায় জরুরি অবস্থা প্রসঙ্গে আলোচনা হওয়ার কথা ছিল যা হয়নি। এর কারণ হিসেবে কমিশনের এনসিসিভিত্তিক প্রস্তাবনা থাকায় আবার নতুন করে প্রস্তাবনা তৈরি করে আলোচনা করতে হবে বলে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত