১২ বছরের চেষ্টায় ৮৩ কোটি টাকার লটারি জিতলেন আমিরাত প্রবাসী বেলাল

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৫:২৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত গ্র্যান্ড প্রাইজের বিগ টিকিট ড্রতে আড়াই কোটি দিরহাম জিতেছেন এক বাংলাদেশি। বাংলাদেশি টাকায় এ লটারির মূল্য প্রায় ৮৩ কোটি ৫৮ লাখ টাকা।

বৃহস্পতিবার (৩ জুলাই) এ পুরস্কারের ঘোষণা করে কর্তৃপক্ষ।

গালফ নিউজের খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে থাকা ৪৩ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ বেলাল সেখানে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন। ১৪ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বেলাল গত ২৪ জুন আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের কাউন্টার থেকে টিকিটটি কিনেছিলেন।

অনুভূতি জানাতে গিয়ে বেলাল জানান, প্রায় ১২ বছর ধরে চেষ্টার অবশেষে লটারি জিতলেন। তিনি বলেন, ‘আমার হাত-পা কাঁপছে। এখনো বিশ্বাস করতে পারছি না, এমনটি হয়েছে।’

বেলাল জানান, তারা পাঁচ বন্ধুর একটি দল প্রতি মাসে যৌথভাবে টিকিট কেনেন, এই আশায় যে একদিন তারা জিতবেন। তিনি বলেন, ‘আমি গত ১২ বছর ধরে প্রতি মাসে টিকিট কিনছি, সবসময় স্বপ্ন দেখতাম যে একদিন আমি জিতব। আজ আমার স্বপ্ন সত্যি হয়েছে।’

এর আগে গত মাসে আমিরাতের নাগরিক মুবারক গারিব রাশেদ সালেম আল ধাহেরি ২০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছিলেন। এছাড়া সাপ্তাহিক ড্রতে দেড় লাখ দিরহাম বিজয়ীদের মধ্যে ছিলেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত