জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘চাঁদাবাজ, সন্ত্রাস—এগুলোকে ভয় পাবেন না। প্রতিবাদ করতে যখন আমরা শিখেছি, এটা আমাদের জারি রাখতে হবে। এটা যদি জারি না রাখি, তাহলে নতুন করে স্বৈরাচার তৈরি হবে। আমরা স্বৈরাচারকে হটাইছি, নতুন করে স্বৈরাচার আসতে দেব না।’
শুক্রবার রাত ১২টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের গাইবান্ধা মোড়ে এক পথসভায় এ কথা বলেন তিনি।
মানুষের সমস্যার সমাধান করাই এনসিপির রাজনীতি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল কাজ। আমরা মনে করি, জনগণই আমাদের বৈধতা।
তিনি বলেন, যে স্বপ্ন নিয়ে তরুণেরা রাজপথে নেমে এসেছিল, যে স্বপ্ন নিয়ে আপনার ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছিল, আন্দোলন করেছিল, স্বৈরাচার হটিয়েছিল, সেই স্বপ্ন অবশ্যই আমাদের বাস্তবায়ন করতে হবে।
সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, আপনাদের এখানে যারা সংগঠক আছেন, তারা ঘোড়াঘাটবাসী মানুষের পাশে দাঁড়াবেন। আমরা ঐক্যবদ্ধ থাকব, সংগঠনের বিস্তার ঘটাব জেলা, উপজেলা, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে।
তিনি বলেন, আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে আমরা বড় একটি কর্মসূচি করব। সেদিন আমরা আমাদের জুলাই ইশতেহার, ঘোষণাপত্র এবং উত্তরবঙ্গের মানুষের আশা-আকাঙ্ক্ষার সনদ জাতির সামনে উপস্থাপন করব। আমরা যে রকম গণ-অভ্যুত্থানে বিজয় লাভ করেছি, আগামী দিনগুলোতে, আগামী সংসদে জাতীয় নাগরিক পার্টি বিজয় লাভ করবে।
