মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার ৩৬ জন বাংলাদেশি নাগরিকের বিষয়ে তদন্তে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার।
শনিবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তদন্তে বাংলাদেশ পূর্ণ সহযোগিতা করবে এবং বিষয়টির অগ্রগতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
এর আগে শুক্রবার (৪ জুলাই) কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশপ্রধান খালিদ ইসমাইল জানান, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। আটককৃতরা সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর কাছে অর্থ পাঠাত। এপ্রিল মাস থেকে চালানো একাধিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা মালয়েশিয়ায় বিভিন্ন কারখানা, নির্মাণ ও সেবা খাতে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তারের পরপরই কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। হাইকমিশন আনুষ্ঠানিকভাবে জানতে চায় আটক ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত।
এদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে ইতোমধ্যে মালয়েশিয়ার আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। অন্যদের বিষয়ে তদন্ত চলছে এবং কয়েকজনকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে অটল রয়েছে এবং এ ধরনের অপরাধমূলক তৎপরতা রোধে মালয়েশিয়াকে সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত। প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় হাইকমিশন সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানানো হয়।
