ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর যুক্তরাজ্যে ৮৩ বছর বয়সী এক ধর্মযাজককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ব্রিটেনের মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।
ব্রিস্টলের রেভারেন্ড সু পারফিটকে শনিবার ভোরে গ্রেপ্তার করা হয়। কারণ তার হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি গণহত্যার বিরোধী। আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে।’
যুক্তরাজ্যে নতুন করে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষিত প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন জানিয়ে গ্রেপ্তার হওয়া অন্তত ২৭ জনের মধ্যে একজন তিনি।
এই নিষেধাজ্ঞা মধ্যরাতের পর কার্যকর হয়। যুক্তরাজ্যের আইন অনুযায়ী সংগঠনটির সদস্যপদ গ্রহণ করা বা সমর্থন জানানোকে অপরাধ হিসেবে বিবেচনা করা হবে যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড।
২০ জুন যুক্তরাজ্যের রাফ ব্রিজ নর্টন ঘাঁটিতে দুটি ভয়েজার সামরিক বিমান ক্ষতিগ্রস্ত করার দায় স্বীকার করার পরই এই পদক্ষেপ নেয় ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পুলিশ জানায়, সন্ত্রাসবাদ আইন ২০০০-এর আওতায় ২০ জনের বেশি ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
জাতিসংঘের বিশেষজ্ঞ, নাগরিক অধিকার সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শত শত আইনজীবী এই নিষেধাজ্ঞাকে ‘দমনমূলক’ বলে আখ্যায়িত করেছেন। তারা বলছেন, এটি প্রতিবাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্যকে ঝাপসা করে দিচ্ছে। পাশাপশি এটি বিপজ্জনক নজির সৃষ্টি করছে।
