লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজে গুলি ও গ্রেনেড হামলা চালানো হয়েছে। এসময় ক্রুদের জাহাজ ত্যাগ করতে বাধ্য করা হয়। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ সামরিক বাহিনীর মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার প্রথমে জানিয়েছিল— একটি বাণিজ্য জাহাজে সশস্ত্র দল হামলা চালিয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দখলে থাকা হোদেইদা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ হামলা চালানো হয়েছে।
পরে তারা জানায়, ওই বাণিজ্যিক জাহাজের ক্রুদের দ্রুত জাহাজ ত্যাগ করতে হয়েছিল।
অপর একটি মেরিটাইম সিকিউরিটি ফার্ম জানিয়েছে, জাহাজটিতে স্কিফ ও বোমা বহনকারী ড্রোন বোট হামলা চালিয়েছে।
এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও ওই অঞ্চলের বাণিজ্যিক জাহাজে এর আগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্য হুতি বিদ্রোহীরা দায়ী করা হয়েছে।
ব্রিটেনের রয়্যাল নেভি পরিচালিত ওই পর্যবেক্ষক সংস্থাটি জানায়, একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন— সব ক্রু এখন জাহাজ ছেড়ে চলে গেছেন এবং সাহায্যের অপেক্ষায় আছেন।
মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে সতর্কতা জারি করে বলেছে, লোহিত সাগরে উত্তর দিকে যাওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজ আটটি স্কিফের আক্রমণের শিকার হয়েছে।
পরে সংস্থাটি জানায়, জাহাজটিতে বোমা বহনকারী ড্রোন বোটও হামলা চালিয়েছে, যা ওই অঞ্চলে বড় ধরনের উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে।
দুটি ড্রোন বোট জাহাজটিকে আঘাত করেছে এবং অপর দুটি সশস্ত্র দলের হামলায় ধ্বংস হয়েছে বলে জানিয়েছে তারা।
