নেত্রকোনার কেন্দুয়ায় পাঁচদিনেও খোঁজ মেলেনি নিখোঁজ ছাত্রদল নেতা রফিকুল ইসলাম শামীমের (৩০)। গত শনিবার রাতে উপজেলার গইচাসিয়া সেতুর নিচ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার হলেও সন্ধান মেলেনি তার। এদিকে পুলিশ বলছে, ছাত্রদল নেতাকে উদ্ধারে কাজ করছে গোয়েন্দা পুলিশ।
নিখোঁজ রফিকুল ইসলাম শামীম উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। গত ৩ জুলাই রাত থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ৩ জুলাই রাত সাড়ে ১২টার দিকে শামীম নিজ বাড়ি থেকে মডেল বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বের হন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনও যোগাযোগ নেই। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরেও কোনও সন্ধান না পেয়ে ৪ জুলাই কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শামীমের পরিবার।
এরই মধ্যে শনিবার (৫ জুলাই) রাতে পার্শ্ববর্তী গইচাসিয়া সেতুর নিচে থেকে রফিকুল ইসলাম শামীমের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। তবে শামীমের কোনও খোঁজ পাওয়া না গেলেও মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে পরিবারের মাঝে।
উপজেলার গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ বলেন, শনিবার রাতে গইচাসিয়া ব্রিজের নিচ থেকে নিখোঁজ গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীমের ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ উদ্ধার করেছে। আমরা দ্রুত শামীমকে সুস্থ ও অক্ষতভাবে ফেরত চাই।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিখোঁজ ব্যক্তির মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। ইতিমধ্যে সাদা পোশাকে একাধিক টিম কাজ করছে।
কুড়িগ্রামে অটোরিকশা চাপায় প্রাণ গেল শিশুর
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু