‘টানা দুই বছর প্রতিদিন ইসরায়েলে হামলার সক্ষমতা রয়েছে ইরানের’

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১০:৩১ এএম

ইরানের সামরিক শক্তি এতটাই বিস্তৃত ও প্রস্তুত যে, ইচ্ছা করলে টানা দুই বছর প্রতিদিন ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাতে পারে দেশটি—এমন দাবি করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উচ্চপদস্থ উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি।

তিনি জানান, ইরানের অধিকাংশ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক অবকাঠামো এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি। 

গতকাল সোমবার বার্তাসংস্থা আনাদোলুর একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল জাব্বারি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থানে রয়েছে। আমাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি, অস্ত্রাগার ও সামরিক স্থাপনার একটি বড় অংশ এখনও গোপনেই আছে।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলেও, ইরান প্রতিদিন হামলা চালিয়ে পরবর্তী দুই বছরেও তার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার শেষ করবে না।’

সেদিনই একই সুরে কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি। তাঁর ভাষায়, ‘ইহুদিবাদীরা জানে, আমাদের এমন অনেক শক্তি রয়েছে—যেমন নৌবাহিনী ও কুদস ফোর্স—যারা এখনো যুদ্ধের ময়দানে প্রবেশই করেনি। এমনকি ইরানের সেনাবাহিনীও এখনো পূর্ণাঙ্গভাবে সক্রিয় হয়নি।’

প্রসঙ্গত, চলমান ইসরায়েল-ইরান সংঘাতের সূচনা হয় ১৩ জুন, যখন ইসরায়েল আচমকা বিমান হামলা চালায় ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনাগুলোর ওপর। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এতে অন্তত ৯৩৫ জন নিহত ও ৫ হাজার ৩৩২ জন আহত হন।

এই হামলার পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এসব হামলায় অন্তত ২৯ জন নিহত ও ৩ হাজার ৪০০ জনের বেশি মানুষ আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত