বগুড়ায় আবারও ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৭:০৩ পিএম

বগুড়া জেলার শিবগঞ্জে রবিউল ইসলাম ডপিন (৩০) নামে এক ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) রাতে উপজেলার দাড়িদহ বাজার এলাকা থেকে তাকে আটক করে।

রবিউল ইসলাম ডপিন ময়দানহাট্টা ইউনিয়নের মহাব্বত নন্দীপুর গ্রামের আমজাদ উদ্দিনের ছেলে। এর আগে গত শনি ও রবিবার ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুই ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করে।

শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর ব্রোজেন মাহাতো জানান, রবিউল ইসলাম নিজেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। তার বিরুদ্ধে থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, শনিবার সকালে সদরের গোদারপাড়া থেকে ভুয়া ডিবি পুলিশ প্রধান পরিচয় দেয়া জেলার দুপচাঁচিয়া উপজেলার চৌধুরিপাড়া এলাকার মো. শামীম আহম্মেদ (৪৬) ও রবিবার ভোররাতে শহরের সুলতানগঞ্জ পাড়া এলাকা থেকে ওই এলাকার বাসিন্দা মো. তাফসিরকে (২৮) বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের অফিসার পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত