জুলাইয়ের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৮ হাজার কোটি টাকার বেশি

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১০:২৬ পিএম

চলতি জুলাই মাসের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৬৭ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ (এক ডলার ১২২ টাকা ধরে) ৮ হাজার ১৬৭ কোটি ৭০ লাখ টাকা। সেই হিসেবে প্রতিদিন গড়ে সাড়ে ৯ কোটি ডলার বা ১ হাজার কোটি টাকার বেশি।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাইয়ের প্রথম সাত দিনে দেশে ৬৬ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৫৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ে তুলনায় ১৩ কোটি ৫০ লাখ ডলার বা ৬ হাজার ৪১২ কোটি টাকা বেশি এসেছে।

এছাড়া গত জুন মাসে দেশে ২৮২ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি। মে মাসে ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার ও এপ্রিলে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছিল।

বিশ্লেষকরা বলছেন, হুন্ডি প্রতিরোধে কার্যকর নজরদারি, ব্যাংকিং চ্যানেলে প্রণোদনার সুফল এবং মধ্যপ্রাচ্যসহ প্রবাসী কর্মসংস্থানে স্থিতিশীলতার কারণে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক গতি তৈরি হয়েছে। প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব ফেলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত