গাজায় যুদ্ধবিরতি

২৪ ঘণ্টায় ট্রাম্প-নেতানিয়াহুর দ্বিতীয় বৈঠক

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৮:৫৮ এএম

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে গাজা সংকট ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো বৈঠক করেছেন। গত মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় হোয়াইট হাউসে তাদের এই অনির্ধারিত বৈঠক এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে, যেখানে মিডিয়ার প্রবেশাধিকার ছিল না।

এই বৈঠকের সময়ই ইসরাইলি বাহিনী গাজায় নতুন করে হামলা চালিয়েছে ৯৫ জন ফিলিস্তিনিকে হত্যা করে। এর আগে, সোমবার (৭ জুলাই) রাতে হোয়াইট হাউসে এক নৈশভোজের সময় দুই নেতা দীর্ঘক্ষণ আলোচনা করেছিলেন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর এটিই নেতানিয়াহুর তৃতীয় ওয়াশিংটন সফর।

ট্রাম্প বৈঠকের আগে বলেন, গাজার পরিস্থিতি একটি ট্র্যাজেডি। আমরা এর সমাধান চাই, এবং আমার বিশ্বাস, অন্য পক্ষও তা চায়। তবে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই আলোচনার বিস্তারিত তথ্য খুব কমই জানা গেছে।

মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভেন উইটকফ জানান যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছানো গেছে। তিনি বলেন, আমরা আশা করছি, এই সপ্তাহের শেষ নাগাদ ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি হবে। এতে ১০ জন জীবিত বন্দী এবং ৯ জন নিহত ফিলিস্তিনির দেহ ফেরত দেওয়া সম্ভব হতে পারে।

নেতানিয়াহু হোয়াইট হাউস ত্যাগ করার পরও ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মধ্যেই চলছে এই সংকটের কূটনৈতিক সমাধানের চেষ্টা।

 
 
 
 
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত