মৌলভীবাজারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার সাধুহাটি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক দুজন হলেন—সুনামগঞ্জ জেলার গোলাম কিবরিয়া ওরফে সুলতান (২০) এবং কক্সবাজার জেলার মো. মনির হোসাইন (৩৮)।
জেলা গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন সকালে সরকারবাজার এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি রেফ্রিজারেটরভ্যানকে থামতে সংকেত দেওয়া হলে চালক তা উপেক্ষা করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে সাধুহাটি এলাকায় গিয়ে গাড়িটি আটক করা হয়।
পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ১৬৪টি ফেস ক্রিম ও ১৯২টি ফেসওয়াশ জব্দ করে পুলিশ। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৪৯ লাখ ৭৭ হাজার ৩৩৬ টাকা। এ ছাড়া চোরাই পণ্য বহনকারী রেফ্রিজারেটরভ্যানটিও জব্দ করা হয়েছে।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন স্বীকার করেছে, তারা সিলেট সীমান্ত এলাকা থেকে এসব চোরাই প্রসাধনী সংগ্রহ করে ঢাকায় পাচার করতে চেয়েছিল। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
কালিয়াকৈরে অর্ধনগ্ন অবস্থায় যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার