কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীতে ডুবে নিখোঁজ হওয়া পাঁচ বছর বয়সী নাজিমের মরদেহ একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বুধবার সকালে নদী থেকে মরদেহটি তোলার পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত শিশু নাজিম বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজার এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের তৃতীয় সন্তান।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির আশপাশে অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয় নাজিম। একপর্যায়ে পরিবারের অগোচরে সে বাড়ির পাশেই তিস্তা নদীর পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে স্থানীয়রা বিষয়টি রাজারহাট ফায়ার সার্ভিসে জানান। খবর পেয়ে রাজারহাট এবং রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালায়।
রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু তাহের বলেন, ‘ঘাটে বাঁধা একটি নৌকার পাশে শিশুটির মরদেহ পাওয়া গেছে। উদ্ধারের পর স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।’
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুন্সীগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু