সোনাগাজীতে ৩ দিন ধরে পানিবন্দি আশ্রয়ণ প্রকল্পের ৫০ পরিবার

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৮:৫২ পিএম

ফেনীর সোনাগাজীতে ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতার কবলে পড়ে ৩দিন ধরে পানিবন্দি অবস্থায় রয়েছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় উপকারভোগীদের অনেকে আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। পানি নিষ্কাশনের খাল প্রভাবশালীরা দখল করার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তুলেছেন সেখানকার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ ৩ দিন ধরে তারা দুর্ভোগ পোহালেও খোঁজ নেয়নি স্থানীয় প্রশাসন।

বুধবার (৯ জুলাই) দুপুরে সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পুরাতন সওদাগরহাট সংলগ্ন ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের আবাসন এলাকায় গিয়ে বৃষ্টির পানিতে ঘর ডুবে থাকতে দেখা যায়। আশ্রয়ণ প্রকল্পের আশপাশের জায়গাতেও বৃষ্টির পানি আটকা পড়ে আছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভূমিহীনদের পুনর্বাসনের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রায় ১ একর খাস জমিতে আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলা হয়। সেই জমিতে গৃহহীন ও ভূমিহীন ৫০ উপকারভোগীর প্রত্যেককে দুই শতাংশ জমি ও পাকাঘর নির্মাণ করে দেওয়া হয়।

সরেজমিনে দেখা গেছে, আশ্রয়ণ প্রকল্পের ৫০টি ঘরের সিংহভাগ ঘরের ভেতর ও বাইরের দিকে প্রায় তিন-চার ফুট পানি জমেছে। ঘরগুলোতে হাঁটু পরিমাণ পানি উঠেছে। বসবাসের বিকল্প জায়গায় না থাকায় সেখানকার উপকারভোগীরা পানিবন্দি অবস্থায় ঘরে বসবাস করতে বাধ্য হচ্ছে।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা তারেক রহমান বলেন, এই এলাকার পানি নিষ্কাশনের খালের মুখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, কোথাও কোথাও খাল পুরোপুরি দখল  হয়ে গেছে। গত বছর ভারী বৃষ্টিপাতের কারণে এই এলাকায় জলাবদ্ধতার কবলে পড়লেও প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা খালের প্রতিবন্ধকতা সরিয়ে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার কারণে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদেও ভোগান্তিতে পড়তে হয়নি। এ বছর প্রশাসনের কেউ পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ না করায় ৩ দিন ধরে আশ্রয়ণ প্রকল্প পানির নিছে ডুবে রয়েছে। পানি ঘরের মধ্যে প্রবেশ করেছে, রান্না করারও সুযোগ নাই। হাঁটাচলার রাস্তা, টিউবওয়েল, গোসলখানা পর্যন্ত পানিত ডুবে রয়েছে।

পাখি বেগম  নামে আরেক বাসিন্দা বলেন, এই জায়গাটা এমনিতে নিচু, যদি একটু উচুঁ হতো  হয়তো তাহলে আজকে এই অবস্থা হতো না। খাল দখল হয়ে যাওয়ার কারণে আশ্রয়ণ প্রকল্পসহ পুরো এলাকা পানিতে ডুবে রয়েছে। পানি নিষ্কাশন না হলে আমাদের কষ্ট আরও বাড়বে। ৩ দিন ধরে আমরা পানিতে ডুবে থাকলেও প্রশাসনের কেউ আমাদের খোঁজ নিতে আসেনি। ইউএনও, ডিসি স্যার সবাই এসে দেখলে বুঝবে আমরা কী রকম অসুবিধায় আছি। আজকে খোকন চেয়ারম্যান এসে আমাদের দেখে গেছে, তিনি আমাদের আশ্বাস দিয়েছে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করবে।

চরছান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন বলেন, পানি নিষ্কাশনের খাল অবৈধভাবে দখল হওয়ার কারণে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীসহ পুরো এলাকার মানুষকে জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। আজকে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কয়েক জায়গায় খালের প্রতিবন্ধকতা অপাসারণ করেছি।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন বলেন, বিষয়টি আজকে আমরা জেনেছি। আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দাসহ এলকাবাসীকে জলাবদ্ধতার ভোগান্তি থেকে রেহাই দিতে দ্রুত খালের প্রতিবন্ধকতা সরিয়ে পানি নষ্কিাশনের ব্যবস্থা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত