স্ত্রীকে হত্যা করে দেহ ১১ টুকরো করে পালিয়ে যান স্বামী

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০১:৫৫ পিএম

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার রৌফাবাদে এক নারীর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে খুন করে তাঁর দেহ ১১ টুকরো করে পালিয়েছেন স্বামী—এমনটিই ধারণা করছে পুলিশ।

গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে পাহাড়িকা হাউজিংয়ের ‘এফজেড টাওয়ার’ নামে একটি ভবনের একটি ফ্ল্যাট থেকে নিহত ফাতেমা আক্তারের দেহের টুকরোগুলো উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘ঘরের বিভিন্ন স্থানে মরদেহের টুকরোগুলো ফেলে রেখে পালিয়ে গেছেন তার স্বামী সুমন। তিনি গাড়ি চালক হিসেবে কাজ করতেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই হত্যাকাণ্ডটি ঘটেছে। সুমনকে আটকের চেষ্টা চলছে।’

পুলিশ জানায়, খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিসের সহায়তায় ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢোকে তারা। সেখানে প্রবেশ করে দেখা যায়, ঘরের বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে শরীরের বিচ্ছিন্ন অঙ্গগুলো। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পলাতক স্বামীকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত