এমিরেটসের সর্বাধুনিক এ৩৫০ ফ্লাইট চালু দাম্মাম রুটে

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০২:১৯ পিএম

সৌদি আরবে প্রথমবারের মতো তাদের নতুন প্রজন্মের এয়ারবাস এ৩৫০ মডেলের উড়োজাহাজ দিয়ে দাম্মাম রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে এমিরেটস। গত ৮ জুলাই থেকে চালু হওয়া এই ফ্লাইট হচ্ছে দেশটিতে এমিরেটসের প্রথম এ৩৫০ পরিষেবা।

তিন শ্রেণি বিশিষ্ট এই উড়োজাহাজে রয়েছে মোট ৩১২টি আসন—এর মধ্যে বিজনেস ক্লাসে ৩২টি লাইট-ফ্ল্যাট সিট, প্রিমিয়াম ইকোনমিতে ২১টি এবং ইকোনমি ক্লাসে ২৫৯টি আসন। উন্নত নকশার ফলে স্বল্প ও মধ্যম পাল্লার যাত্রায় এ৩৫০ যাত্রীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা দেবে। প্রশস্ত ও নীরব কেবিন, উঁচু ছাদ এবং সুবিন্যস্ত আসনের ফলে যাত্রীরা মিলবে প্রশান্তির ভ্রমণ।

এই মডেলের অন্যতম আকর্ষণ হলো—এমিরেটসের বিখ্যাত ইন-ফ্লাইট বিনোদন ব্যবস্থা ‘ice’, উন্নত মানের আরামদায়ক আসন, ঘুমের উপযোগী আলো এবং উচ্চগতির ওয়াই-ফাই সংযোগ।

বর্তমানে এমিরেটস সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, মদিনা ও দাম্মাম শহরে প্রতিদিন একাধিক ফ্লাইট পরিচালনা করছে। এসব রুটে ব্যবহৃত হচ্ছে এয়ারলাইনের আইকনিক এ৩৮০, বোয়িং ৭৭৭ এবং সদ্য যুক্ত হওয়া এ৩৫০ উড়োজাহাজ।

এমিরেটসের এ৩৫০ নেটওয়ার্কে এখন যুক্ত রয়েছে দাম্মাম, মুম্বাই, এডিনবরো, বাহরাইন, কলম্বো, কুয়েত, মাসকাট, তিউনিস, আম্মান ও আহমেদাবাদের মতো শহর। ২০২৫ সালের মধ্যে গন্তব্যের সংখ্যা বাড়িয়ে ১৭টি করার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

বর্তমানে এমিরেটসের বহরে রয়েছে ৮টি এ৩৫০ এবং আরও কয়েকটি এই মডেলের উড়োজাহাজ সরবরাহের অপেক্ষায় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত