মদ খেয়ে শচীনকে ফেলে দেন শোয়েব; সুযোগ নেন শেবাগ

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৫:৫৫ পিএম

রাজনৈতিক টানাপোড়েনের কারণে এক দশকের বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ আছে। গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর তো আইসিসি এবং এসিসির ইভেন্টেও পাকিস্তানের বিপক্ষে না খেলার ঘোষণা দিয়েছে ভারত। তবে দুই দেশের ক্রিকেটারদের সম্পর্ক এখনো আগের মতোই উষ্ণ। অতীতের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে মাঝেমধ্যেই শোনা যায় দুই দেশের ক্রিকেটারদের স্মৃতিচারণ।

২০২৩ সালের মার্চে ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ একটি মজার ঘটনা প্রকাশ করেছিলেন। এক সিরিজের মধ্যে ভারতের মাস্টার ব্লাস্টার খ্যাত শচীন টেন্ডুলকারকে কোলে তুলতে গিয়ে ফেলে দিয়েছিলেন পাকিস্তানি পেসার শোয়েব আখতার। ঘটনার সময় শোয়েব মাতাল অবস্থায় ছিলেন। এই ঘটনা দেখে শেবাগ তার সাথে মজা করেছিলেন এই বলে যে, এই খবর ফাঁস হয়ে গেলে শোয়েবের ক্যারিয়ার নিয়ে টানাটানি শুরু হবে।

শেবাগ বলেছিলেন, ‘লখনউতে ভারত ও পাকিস্তানি ক্রিকেটারদের জন্য আয়োজিত একটি পার্টিতে শোয়েব অনেক বেশি মদ্যপান করেছিল। একপর্যায়ে সে পার্টিতে থাকা টেন্ডুলকারকে কোলে তোলার চেষ্টা করে। তবে টেন্ডুলকার তার জন্য বেশ ভারী ছিলেন এবং উভয়ই মাটিতে পড়ে যান! ঘটনাটি শুনে আমি হাসি থামাতে পারিনি! আমি তাকে অনেক বিরক্ত করতাম এই বলে যে, তোমার ক্যারিয়ার শেষ। তুমি আমাদের শীর্ষ খেলোয়াড়কে আহত করেছ!’

সেই ঘটনায় শোয়েব খুব লজ্জা পেয়েছিলেন। তার চেয়েও ভয় পেয়েছিলেন নিজের ক্যারিয়ার নিয়ে। শেবাগ তাকে এই ঘটনা নিয়ে খুব উত্যক্ত করতেন। শেবাগের ভাষায়, ‘শোয়েব খুব ভয় পেয়েছিল। সে শচীনের পিছু পিছু ছুটছিল এবং যতভাবে দুঃখ প্রকাশ করা যায়, সেটা করছিল। এমনকী শচীনের পায়ে পড়ে যায়! এরপর আমি, শচীন এবং বাকিরা যখন একসাথে বসি, ঘটনাটি নিয়ে খুব হাসাহাসি করতাম।’

শোয়েব নিজেও ‘স্পোর্টসকিড়া’র সাথে আলাপচারিতায় এই গল্পটি বলেছিলেন, ‘আমি তাকে তুলতে পেরেছিলাম কিন্তু তারপর সে আমার হাত থেকে পড়ে গিয়েছিল। তবে খুব বাজে কিছু হয়নি। আমি মনে হচ্ছিল যে আমি হয়তো মারা গেছি! আমি ভয় পেয়েছিলাম যে শচীন টেন্ডুলকার যদি অযোগ্য বা আহত হন, তাহলে আমি কখনই ভারতীয় ভিসা পাব না। ভারতীয়রা আমাকে কখনও দেশে ফিরতে দেবে না অথবা আমাকে জীবন্ত পুড়িয়ে ফেলবে!’

সেদিন শোয়েবকে শুধু শেবাগই ভয় দেখাননি, যুক্ত হয়েছিলেন পার্টিতে থাকা আরও অনেক ভারতীয় ক্রিকেটার। শোয়েব বলেছিলেন, ‘যখন সে পড়ে গেল, তখন আমার সত্যিই মনে হয়েছিল আমি জীবনের জন্য শেষ হয়ে গেছি! আমার মনে আছে, হরভজন সিং এবং যুবরাজ সিংও সেখানে ছিল। তারা আমাকে বলছিল, “এটা তুমি কী করেছ ভাই!” আমি জবাবে বলেছিলাম, “আমি আসলে জানি না, এটা এইমাত্র ঘটেছে”!’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত