যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, স্ত্রীর পর মারা গেলেন স্বামীও

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৮:০১ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধের ঘটনায় স্ত্রীর পর চিকিৎসাধীন মারা গেলেন স্বামী রিপন (৪০)।

আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। আর বেলা ১টার দিকে মারা গেছেন তার স্ত্রী ইতি (৩০)।

মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শ্বাসনালীসহ রিপনের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় তার মেয়ে শিশু রাফিয়া (৩) ৯০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। তার অবস্থাও আশংকাজনক।

এর আগে বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক খাদিমুল কুরআন মহিলা মাদরাসা গলির একটি ছয় তলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী তাসলিমা মনি জানান, বুধবার রাত পৌনে দুটার দিকে বিকট একটি শব্দ পান তারা। এরপর বাড়িটি থেকে চিৎকারের শব্দ পেলে পেয়ে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, ইতি, তার স্বামী রিপন ও তাদের ৩ বছর বয়সী মেয়ে রাফিয়ার শরীর আগুনে ঝলসানো। দরজা-জানলা ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি জানান, তাদের ধারণা বাসায় লিকেজের কারণে গ্যাস জমে ছিল। রাতে মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত