বিমানবন্দরে ডা. শফিকুর 

সম্পর্ক নতুন মাত্রায় নিতে জামায়াত প্রতিনিধিদলের চীন সফর

আপডেট : ১০ জুলাই ২০২৫, ১০:৩৫ পিএম

চীনা কমিউনিস্ট পার্টি ও সরকারের আমন্ত্রণে দেশটিতে উচ্চপর্যায়ের সফরে যাচ্ছে জামায়াতের একটি প্রতিনিধি দল। ঢাকা ত্যাগের আগে বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ককে কীভাবে নতুন মাত্রায় নেওয়া যায়, সে বিষয়ে আলাপ-আলোচনা করব। আমরা মূলত চীন সরকার ও সিপিসি (চীনা কমিউনিস্ট পার্টি) দাওয়াতে যাচ্ছি। 

তার নেতৃত্বে দেশটিতে ৮ সদস্যের প্রতিনিধি দল আগামীকাল ১১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত সফর করবেন বলে জানান জামায়াত আমির। তিনি বলেন, চীনের আশ্চর্যজনক অভ্যুত্থান বিশ্বের জন্য শিক্ষণীয় বিষয়। আমরা আশা করি চীনের কাছ থেকে এ সফরের মধ্য দিয়ে ভালো কিছু শিখব, জানব এবং তারাও আমাদের জানার সুযোগ পাবে।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকাস্থ চীনা দূতাবাস জামায়াত নেতাদের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সংবর্ধনায় জামায়াতের আমির ছাড়াও অংশ নেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত