রংপুরের পীরগাছায় বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে উল্টে পড়ে দুই নারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের অধিকাংশকেই পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার দেউতি সড়কের বেলতলী বাজারসংলগ্ন পারুল বানিয়াপাড়া জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রংপুর কোতোয়ালি থানার জগদিস রায়ের স্ত্রী অমৃত বালা (৮০), হাজিরহাট এলাকার শ্যামল চন্দ্রের স্ত্রী শান্তা রানী (৫০) ও পীরগঞ্জ উপজেলার বাস চালক হিটুল মিয়া (৫০)। তারা সবাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে পীরগাছার বেলতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। সড়কের পাশের ভাঙা অংশের নিচে বালু থাকায় বাসের সামনের বাম দিকের চাকা সিøপ করে বাসটি পুকুরে উল্টে পড়ে।
স্থানীয় বাসিন্দা আকরাম মিয়া বলেন, বিকট শব্দ শুনতে পেয়ে দৌঁড়ে এসে গুরুতর আহত শিশুসহ মহিলা ও পুরুষদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আরও অন্তত ৩০ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল আমিন জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা থেকে বউভাত এর অনুষ্ঠান থেকে রংপুর সদর উপজেলার শ্যামপুরহাটে ফেরার পথে সনাতন ধর্মাবলম্বীদের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা সুন্দরগঞ্জ মহাসড়কের বেলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান।
পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিভাগ সূত্র জানিয়েছে, ওই ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন শিশু রয়েছে। এর মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
