পরশুরামে সাপের কামড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০২৫, ১২:১৮ এএম

ফেনীর পরশুরাম পৌরসভার সলিয়া গ্রামে রান্না ঘরে সাপের কামড়ে রোকেয়া আক্তার রিনা (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে বন্যার কারণে সলিয়া গ্রামে রিনাদের বাড়ি ছিল পানিবন্দি। শুক্রবার পানি নামার পর বিকেল ৫টার দিকে রিনা রান্নার উদ্দেশ্যে পাকঘরে ঢোকেন। সে সময় রান্নাঘরের একটি গর্ত থেকে বের হয়ে আসা বিষধর সাপ তার পায়ে কামড় দেয়।

চিৎকার শুনে তার স্বামী শফিকুল ইসলাম শহীদ দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা না মেলায় দ্রুত তাকে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই রিনার মৃত্যু হয়েছে।

নিহত রোকেয়া আক্তার রিনা সলিয়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম শহীদের স্ত্রী। তিনি এক ছেলে ও দুই মেয়ের জননী।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রেদোয়ান বলেন, ‘সাপের কামড়েই গৃহবধূর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত