অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিরা এক মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবার ও মানবাধিকার সংস্থাগুলোর। ঘটনার পর যুক্তরাষ্ট্রের কাছে জবাবদিহিতার দাবি জোরালো হয়েছে বিশেষ করে অবৈধ সেটেলারদের সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে।
নিহত সেইফ আল-দিন মুসলাত (২০) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পা শহরের বাসিন্দা ছিলেন। তাকে শুক্রবার রামাল্লার উত্তরে অবস্থিত ফিলিস্তিনি শহর সিঞ্জিলে হত্যা করা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
পরিবারের সদস্যরা দ্য ওয়াশিংটন পোস্টকে জানান, মুসলাত আত্মীয়দের সঙ্গে দেখা করতে পশ্চিম তীরে গিয়েছিলেন। সেখানে ইসরায়েলি সেটেলাররা তাকে পিটিয়ে হত্যা করে।
তার চাচাতো বোন ফাতমা মুহাম্মদ সামাজিক মাধ্যমে জানান, মুসলাত ফ্লোরিডা থেকে ফিলিস্তিন এসেছিলেন পরিবারকে দেখতে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, তারা এই ঘটনার রিপোর্ট সম্পর্কে অবগত। এক মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘আমরা পশ্চিম তীরে একজন মার্কিন নাগরিকের মৃত্যুর খবর শুনেছি।’
এই ঘটনার সময় মুহাম্মদ শালাবি নামে আরেকজন ফিলিস্তিনিকেও গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েলি বসতকারীরা সামরিক বাহিনীর সহায়তায় ক্রমেই বেশি সহিংসতায় লিপ্ত হচ্ছে।
