আদালত হাজতে আসামির হাতে ফোন: দুই এটিএসআইসহ ক্লোজড ৫ জন

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৯:৪৪ পিএম

কক্সবাজারের রামুর চিহ্নিত ডাকাত সর্দার শাহীনুর রহমান ওরফে শাহীনকে কক্সবাজার আদালতের হাজতে ফোন সুবিধা দেয়ার ঘটনায় দুই টিএসআইসহ ৫ জনকে দায়িত্ব অবহেলার দায়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া কোর্ট হাজতে আসামিদের সাথে সাক্ষাৎতের বিষয়ে আরও সর্তক হওয়ার কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে।

ক্লোজড হওয়াদের দুইজন এ টিএসআই, তিনজন কনস্টেবল। তারা হলেন এটিএসআই সুরেন দত্ত ও আবদুল ওয়াহেদ, কনস্টেবল নাজম হায়দার, গোলাম মোস্তফা ও ইয়াছিন নূর। এর আগে এ ঘটনা নিয়ে শুক্রবার কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত বুধবার (৯ জুন) আদালতে হাজিরা দিতে কোর্ট পুলিশের হেফাজতে হাজতখানা থেকে বের করে আনা হয় শাহীনকে। ঠিক তখনই তার পকেটে থাকা মোবাইল ফোন নজরে আসে কক্সবাজারের গণমাধ্যমকর্মীদের। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে গঠিত হয় তদন্ত কমিটি।

জানা গেছে, গত ৫ জুন সকালে  রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শাকের আহমদের বাড়ি থেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় শাহীন ডাকাতকে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদকসহ অন্তত ২০টি মামলা রয়েছে।

কক্সবাজার আদালতের কোর্ট পরিদর্শক হিসেব দায়িত্বরত মোহাম্মদ শাহ আলম বলেন, তদন্তে ডিউটিতে গাফেলতি পাওয়ায় দুইজন এটিএসআইসহ মোট ৫ জন ক্লোজড করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত