সাবেক স্বামীর হাতে খুন তরুণীর বর্তমান স্বামী

আপডেট : ১২ জুলাই ২০২৫, ১১:৪১ পিএম

যশোর শহরের ষষ্ঠীতলার বসন্ত কুমার রোডে সন্ত্রসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম বিপুল (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এ সময় সেখানে বোমার বিস্ফোরণও ঘটানো হয়।

কোতয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানান, রাত ৮টার পর ষষ্ঠীতলার মোস্তাকের বাড়ির পাশে বিপুল নামে ওই যুবককে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে হত্যা করেছে বলে তারা জানতে পেরেছেন। এ ঘটনার সাথে বাপ্পি নামে এক সন্ত্রাসী এবং তার সহযোগীরা জড়িত বলে নিহতের স্বজনেরা অভিযোগ করছেন।

নিহতের পিতা শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার বাসিন্দা আক্তার হোসেন জানান, তার ছেলে বিপুল এশিয়ান কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। ৬ মাস আগে তিনি ষষ্ঠীতলা এলাকার সুমাইয়া নামে একটি মেয়েকে বিয়ে করেন।

এর আগে ষষ্ঠীতলার আব্দুল খালেকের ছেলে বাপ্পির সাথে সুমাইয়ার বিয়ে হয়েছিলো। কিন্তু বাপ্পি মাদক ব্যবসায়ী ও মাদকাক্ত হওয়ায় সুমাইয়া তাকে তালাক দেন। বাপ্পিকে তালাক দেওয়ার পর প্রেমের সম্পর্ক করে তার ছেলে বিপুলকে বিয়ে করেন সুমাইয়া।

এই বিয়ের পর থেকে তার ছেলেকে খুন করার জন্য হুমকি দিয়ে আসছিলো বাপ্পি। মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে তাকে হুমকি দেওয়া হতো।

তিনি আরও জানান, রাতে তিনি খবর পান ষষ্ঠীতলায় ডেকে নিয়ে তার ছেলে বিপুলকে হত্যা করেছে বাপ্পি। এ খবর পেয়ে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এসে তার ছেলের লাশ দেখতে পান।

হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান তুষার জানান, রাত ৮টা ৩৫ মিনিটে বিপুল নামে এক যুবককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তখন তার অবস্থা খুবই খারাপ ছিলো। বুকে, পেটে, গলায়, হাতে ও পায়ের অসংখ্য স্থানে ধারালো অস্ত্রের কোপানো হয়েছে। রাত ৯টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

নিহতের স্ত্রী সুমাইয়া আহাজারি করে জানান, তিনি তার স্বামীর হত্যার বিচার চান। জড়িতদের ফাঁসি চান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত