আগামী ১ আগস্ট থেকে ইউরোপীয় পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকির জবাবে পালটা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় কমিশন। গতকাল শনিবার এই হুঁশিয়ারি দেন কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন। খবর: ডয়েচে ভেলে
তিনি বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র ইউরোপীয় পণ্যে একতরফাভাবে শুল্ক আরোপ করে, তবে ইউরোপীয় ইউনিয়ন নিজেদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহব্যাপী আলোচনা ব্যর্থ হওয়ার পর মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ১ আগস্ট থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এই ঘোষণার আগে সপ্তাহের শুরুতেই ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলসহ একাধিক দেশের পণ্যের ওপর নতুন শুল্ক বসানোর কথা বলেছিলেন।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন ডের লেইন এক বিবৃতিতে বলেন, ইইউ ১ আগস্টের মধ্যে একটি যৌক্তিক বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনায় প্রস্তুত। বিশ্বের খুব কম অর্থনীতি ইউরোপীয় ইউনিয়নের মতো উন্মুক্ততা ও ন্যায্য বাণিজ্য চর্চা করে।
তিনি আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের জবাবে আনুপাতিক প্রতিকারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দ্বিধা করব না।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ‘বিরল বৈঠকে’ বসছে সিরিয়া