চাঁদাবাজি-সন্ত্রাসের মাধ্যমে দুর্বৃত্তরা দেশকে গণঅভ্যুত্থান পূর্ববর্তী পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার অপপ্রয়াস চালাচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, হাজারো শহীদদের রক্তের বিনিময়ে দেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। অথচ কিছু রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একদল দুর্বৃত্ত আধিপত্য, চাঁদাবাজি, মাস্তানি ও টেন্ডারবাজি করছে।
রবিবার (১৩ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, দেশের শিল্প এলাকাগুলোতে একদল দুর্বৃত্ত আধিপত্য, চাঁদাবাজি, মাস্তানি ও টেন্ডারবাজি করছে। এগুলো নিরসনের জন্য নিয়মিত যৌথবাহিনীর অভিযান পরিচালনা করলে দেশ অনেকটা অস্থিতিশীল পরিস্থিতি থেকে রেহাই পাবে। আর যৌথবাহিনী সাধারণ মানুষ আর ছাত্রদের ধরবে না। যদি অভিযান পরিচালনা করে তারা দুষ্কৃতিকারীদেরই ধরবে।
কারখানায় হামলা-ভাঙচুরের পেছনে আসলে দেশি-বিদেশি চক্রের ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন তিনি। নুর বলেন, প্রতিনিয়ত হামলা ও ভাঙচুরের ঘটনা বেড়েছে। পরিস্থিতি চরম আকার ধারণ করছে। দেশের পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যে যৌথ বাহিনীর নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। অভিযান চিহ্নিত অপরাধীদেরও আইনের আওতায় আনার লক্ষ্যে পরিচালিত করতে হবে।
তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কে এমপি হবে সেটা আগে জানার সুযোগ নেই। যার ফলে বাংলাদেশের পেশিশক্তি, কালো টাকার প্রভাব রাজনীতিতে আর থাকবে না। কেন্দ্র দখল করতে যে ভায়োলেন্স হয় সেটাও থাকবে না। গণঅধিকার পরিষদ একটি অর্গানিক দল। গণ আন্দোলনের মধ্যে এ দলটি গঠন করা হয়েছে।
জাতীয় নির্বাচনের আগে সিটি করপোরেশন ও পৌর নির্বাচন আগে হওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি। গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, এতে আমরা রাজনৈতিক দলগুলোর চরিত্র দেখতে পেতাম। তারা কী আগের মতো মারামারি, কেন্দ্র দখল করছে কি না সে বিষয়ে দেখার সুযোগ আছে। এছাড়া প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে কিনা সেটাও দেখা যাবে।
নুরুল হক নূর বলেন, দেশের জনগণের জানমালের নিরাপত্তা প্রদান করা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় প্রশাসন কোথাও অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। রাজধানীসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে কারা অপরাধ করছে, রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে সরকারকে আবারও নতুন করে জনরোষের মুখোমুখি হতে হবে।
