সিলেটে চা দেওয়া নিয়ে তর্কের জেরে দোকানের কর্মচারীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। রবিবার সকালে সিলেট নগরীর কাজিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দোকান কর্মচারী হলেন- দিনার আহমদ রুমন (২২)। তিনি সিলেটের দক্ষিণ সুরমার জালালপুরের মৃত তকলিছ আলীর ছেলে। রুমন কাজিরবাজারে নিরু বাবুর চায়ের দোকানে কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ৯টার দিকে এক যুবক দোকানে ঢুকে চা দিতে বলেন। এসময় রুমন জানান চা দিতে একটু দেরি হবে। এতে ক্ষিপ্ত হয়ে যান ওই যুবক এবং রুমনের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন। তখন দোকানের মালিক ও আশপাশের লোকজন এগিয়ে এসে ওই যুবককে শান্ত করেন এবং তিনি চলে যান।
কিছুক্ষণ পর ওই যুবক আরও কয়েকজনকে নিয়ে এসে দোকানের কর্মচারী রুমনের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে রুমনের বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত চলে যায় তারা। পরে রুমনকে উদ্ধার করে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রুমনের লাশ ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রুমনের বুকে ছুরির একাধিক আঘাত রয়েছে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। রবিবার বিকালে কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে আব্বাস নামে একজনকে আটক করা হয়েছে।
