শ্রীপুরে ১০ হাজার ইউকিলিট্যাস ও আকাশমনির চারা ধ্বংস

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৯:৫৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে ১০ হাজার ইউকিলিট্যাস ও আকাশমনির চারা নষ্ট (ধ্বংস) করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত নার্সারি মালিককে উপযুক্ত ক্ষতিপূরণের টাকা প্রদান করা হয়েছে।

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে নার্সারিতে এ সব গাছের চারা ধ্বংস করছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের অণিক নার্সারিতে অভিযান চালানো হয়।

২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় নার্সারিতে উৎপাদনকৃত আকাশমণি ও ইউক্যালিপট্যাসের ১০ হাজার চারা ধ্বংস করা হয়েছে।

এ কার্যক্রম নিয়মিত চলবে বলে নিশ্চিত করেন উপজেলা কৃষি কর্মকর্তা। এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ।

কৃষি অফিস জানিয়েছে, উপজেলার বিভিন্ন গ্রামে ব্যক্তিগত ভাবে নার্সারি গড়ে উঠেছে। এ সব গড়ে উঠা নার্সারিতে পরিবেশ বিধ্বংসী আকাশমণি ও ইউক্যালিপট্যাস গাছের চারা উৎপাদন ও বিপণন করা হয়।

এর আগে উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ নার্সারিতে গিয়ে চারা গণনা করার পর নার্সারির মালিকদের হাতে ক্ষতিপূরণের টাকা দেওয়ার পরেই গাছগুলো ধ্বংস করা হয়েছে।

শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল আলম জানান, বিভিন্ন নার্সারিতে আকাশমনি ও ইউকিলিট্যাস গাছে চারা উৎপান করে। আগে এগুলো রোপণ ও বিপণনে কোনো নিষেধাজ্ঞা ছিল না। সম্প্রতি এসব গাছ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বিবেচনা করে উৎপাদন ও বিপণনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন এ সব গাছের চারা রোপণেও নিষেধাজ্ঞা আছে।

উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা জানান, উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ উদ্যোগে পরিবেশ ধ্বংসকারী আকাশমনি ও ইউকিলিট্যাস গাছের ১০ হাজার চারা নষ্ট (ধ্বংস) করা হয়েছে।

এ সময় নার্সারি মালিককে প্রণোদনার আওতায় প্রতি চারার মূল্যবাবদ ৪ টাকা করে প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে সব নার্সারিতে অভিযান চালিয়ে আকাশমনি ও ইউকিলিট্যাসের চারা নষ্ট করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত