ঝিনাইগাতীতে মাইক্রোবাসের ধাক্কায় মাদরাসার ২ ছাত্র নিহত

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১১:০৫ পিএম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বড় রাংটিয়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দুই মাদরাসা শিক্ষার্থী নিহত ও আরও একজন গুরুতর আহত হয়েছে।

নিহতরা হলেন—ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে সাকিবুল হাসান (১০) ও একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া (১২)।

আহত ফয়জুল আমিনকে (১১) শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (১৩ জুলাই) বিকাল ৬টার দিকে উপজেলার রাংটিয়া-মধুটিলা সড়কের বড় রাংটিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, তিনজন মাদ্রাসা শিক্ষার্থী রাংটিয়া মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগামী একটি মাইক্রোবাস এসে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। 

দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি ঘটনাস্থলে চালকসহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন, মাইক্রোবাসের ধাক্কায় দুই মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত