জুলাই গণঅভ্যুত্থানের সময় ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে জামিন দিয়েছে আদালত। গতকাল রবিবার উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১০ হাজার টাকা মুচলেকায় অপু বিশ^াসের জামিন মঞ্জুর করেন। গত ২ জুন এ মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান অপু বিশ্বাস। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি গত বৃহস্পতিবার নিম্ন আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করে। গতকাল তিনি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আরজি জানান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছর ১৯ জুলাই আন্দোলনের সময় এনামুল হক ভাটারা থানার সামনে অবস্থান নিলে আসামিদের ছোড়া গুলি ভুক্তভোগী এনামুলের পায়ে এসে লাগে। এ বিষয়ে হত্যাচেষ্টার অভিযোগে চলতি বছরের মার্চ মাসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করে এনামুল নিজেই বাদী হয়ে আদালতে এ মামলাটি করেন। আদালতের নির্দেশে ভাটারা থানা পুলিশ ২৯ এপ্রিল এটি এজাহার হিসেবে লিপিবদ্ধ করে।
