টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। নিহত গৃহবধূ উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নওয়াবাড়ী গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী শাবানা (২৮)। তিনি দুই সন্তানের জননী।
পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যা। শাবানার বাবা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তাদের মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছিল। গত কয়েকদিন ধরে শ্বশুর আবুল হোসেন ঝগড়া করায় এলাকার মানুষ মিমাংসা করে দেয়। ঘটনার দিন রাত ৩ টার দিকে হঠাৎ তারা ফোন পান মেয়ে মারা গেছে।
অন্যদিকে শাবানার স্বামী জাহিদুল দাবি করছে, তার মাথায় একটি আঘাত আছে। জাহিদুল বলেন, আমি রাত ১২ টার দিকে দোকান থেকে আসলে আমার স্ত্রী আমাকে ওষুধ খাওয়ান। পরে আমাকে বলে তুমি না বাঁচলে আমিও বাঁচবো না। কিছুক্ষণ পরে ঘুম ভাঙ্গলে দেখি সে ফাঁস নিছে।
কালিহাতী থানা এসআই সুকান্ত রায় জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখি। স্বামী ও নয় বছরের ছেলে ঘরের বাঁশের ধন্না থেকে কাচি দিয়ে কেটে লাশ নামিয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।
