নাটোরে চাঁদার দাবিতে কলেজ অধ্যক্ষকে মারপিট

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৭:১০ পিএম

নাটোরের নলডাঙ্গা উপজেলার ছাতারভাগ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আতাউর রহমানকে ৭ লাখ টাকা চাঁদার দাবিতে মারপিট করা হয়েছে। প্রতিকার চেয়ে তিনি সোমবার রাতে নলডাঙ্গা থানায় ও নাটোর সেনা বাহিনীর ক্যাম্পে লিখিত আবেদন করেছেন। 

লিখিত আবেদনে বলা হয়, সোমবার সকাল সাড়ে ৮টায় রাজশাহী শিক্ষা বোর্ডে যাওয়ার জন্য তিনি কলেজে আসেন। এ সময় পূর্ব থেকে ৭ লাখ টাকা চাঁদা  দাবিকারী আলমগীর হোসেন তার উপরে আক্রমণ করেন। আলমগীর হোসেন প্রকাশ্যে অধ্যক্ষকে চড়-থাপ্পড় কিল ঘুষি মারতে থাকেন। পরে স্থানীয় লোকজন এসে অধ্যক্ষকে তার হাত থেকে মুক্ত করেন। 

অভিযুক্ত আলমগীর হোসেন (৫০) একই গ্রামের আহসান আলীর ছেলে। বিগত সরকারের সময় যুবলীগের রাজনীতি করলেও বর্তমানে সক্রিয়ভাবে যুবদল করেন বলে জানা গেছে।  

অধ্যক্ষ জানান, এর আগে প্রতিষ্ঠানের স্কুল শাখার শিক্ষিকা ফিরোজা খাতুন ৯ জন ছাত্রীকে জাতীয় সঙ্গীত পরিবেশনের পরে প্রতিষ্ঠানে আসায় সামান্য শাসন করেন। এতে ক্ষিপ্ত হয়ে আলমগীর হোসেন শিক্ষিকা ফিরোজা খাতুনের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে আপোষের নামে ৭ লাখ টাকা দাবি করেন। এই টাকা না দেয়ায় তিনি আদালতে শিক্ষিকা ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলাও করেন। আদালত তাদের জামিন দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আলমগীর হোসেন অধ্যক্ষের উপরে এই হামলা করেন এবং চাঁদা দিতে চাপ দেন।

এ বিষয়ে কথা বলার জন্য অনেক চেষ্টা করেও আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।  নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত