সিরাজগঞ্জের ২ মিনিটের ঘুর্ণিঝড়ে ৪ গ্রামের শতাধিক বাড়িঘর লন্ডভন্ড

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১০:৩৩ পিএম

বৃষ্টির সাথে মাত্র ২ মিনিটের ঘুর্ণিঝড়ে সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ৪ গ্রামের অধিকাংশ বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ের তান্ডবে রাস্তায় গাছপালা পড়ে যানবহণ চলাচল ও বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।

আক্রান্ত গ্রামগুলো হলো—সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা, ইটালি, চিলগাছা ও চর-চিলগাছা গ্রাম।

স্থানীয়রা জানায়, ঝড়ের পরে লোকজন তাদের আসবাবপত্র বিভিন্ন স্থান থেকে কুড়িয়ে আনতে দেখা গেছে। অনেকে গাছাপালা সরিয়ে রাস্তা সচল করার চেষ্টা করছে। মাত্র ২ মিনিটের ঘূর্ণিঝড়ে ৪ গ্রামের মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকেরই বসতঘর ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। তারা খোলা আকাশের নিচে বসবাস করছে।

রতনকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম বলেন, এদিন দুপুর ২টার পর গ্রামগুলোর এক পাশ থেকে কালো মেঘের মতো ভেসে আসতে থাকে। মাত্র ২ মিনিটের মধ্যে ৪টি গ্রামের বহু বসতবাড়ির টিনের ঘর ও গাছপালা ভেঙ্গে গেছে।

আবার অনেক ঘর উড়িয়ে নিয়ে অনেক দূওে ফেলেছে। বেশ কিছু গাছপালা রাস্তায় ভেঙ্গে পড়ায় কয়েকটি গ্রামের চলাচলের রাস্তা ও বিদ্যুতের খুটি ভেঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। একই সময় ৪ গ্রামের বিভিন্ন জমির অধিকাংশ ফসল নষ্ট হয়ে গেছে। এছাড়া কয়েকটি মুরগির খামার ভেঙ্গে যাওয়ায় অনেক মুরগি মারা গেছে। এতে খামারির ব্যাপক ক্ষতি হয়েছে।

বাহুকা গ্রামের ক্ষতিগ্রস্ত শামীম হোসেন বলেন, বৃষ্টির সময় পরিবার-পরিজন নিয়ে ঘরের মধ্যে বসে ছিলাম। হঠাৎ ঘুর্ণিঝড় শুরু হলে ঘরের চাল উড়ে গিয়ে সংসারের সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে। কোনো রকমে প্রাণ রক্ষা করতে পেরেছি। ঝড়ে বসতঘর উড়ে যাওয়ায় পরিবারের লোকজন নিয়ে খোলা আকাশের নিচে রয়েছি।

রতনকান্দি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জুবায়েল হোসেন বলেন, শুধু চরচিলগাছাতেই অন্তত ৫০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউএনও অফিসে সংবাদ পাঠানো হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।

রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মেরাজ হোসেন মিসবাহ বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পিআইওকে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এলকায় আমিও যাবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত