ইইউ’র প্রাক-নির্বাচনি অনুসন্ধানী দল ঢাকায় আসতে পারে সেপ্টেম্বরে

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০১:০০ এএম

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) একটি প্রাক-নির্বাচনি অনুসন্ধানী দল আগামী সেপ্টেম্বরে ঢাকা সফর করতে পারে। নির্বাচন পর্যবেক্ষণের উপযুক্ত পরিবেশ রয়েছে কিনা, তা যাচাই করতেই এ দলটি বাংলাদেশে আসবে বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

সরকার ইতোমধ্যে এই অনুসন্ধানী দলের সফরের অনুমতি দিয়েছে এবং দলটি সফরকালে প্রয়োজনীয় সহায়তা প্রদানেও সম্মত হয়েছে। একাধিক সরকারি সূত্র জানিয়েছে, মে মাসে ইইউ একটি চিঠির মাধ্যমে সফরের অনুমতি চেয়েছিল, এবং সরকার জুন মাসে অনুমোদন প্রদান করে। যদিও এখনও নির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা করা হয়নি, তবে সম্ভাব্য সফরকাল সেপ্টেম্বর  বলেই ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের জুলাই মাসে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি অনুসন্ধানী দল বাংলাদেশ সফর করেছিল। রিকার্ডো চেলেরির নেতৃত্বে দলটি নির্বাচন পর্যবেক্ষণের লজিস্টিক, নিরাপত্তা ও বাজেট পরিস্থিতি মূল্যায়ন করে। সফরকালে তারা বিএনপিসহ সব বড় রাজনৈতিক দল, সরকারি কর্মকর্তা, সংখ্যালঘু গোষ্ঠী ও বিভিন্ন অংশীজনের সঙ্গে শতাধিক বৈঠক করেছিল।

ইউরোপীয় ইউনিয়নের এই আগ্রহ বাংলাদেশের নির্বাচনি পরিবেশ আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণের আওতায় রাখার ইঙ্গিত বহন করে। তবে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানো হবে কি না, তা নির্ভর করছে এই প্রাক-সফরের মূল্যায়নের ওপর।

যা দেখবে ইইউ দলটি:রাজনৈতিক পরিস্থিতি ও সংলাপ, নির্বাচনি সহিংসতার ঝুঁকি, নির্বাচন কমিশনের প্রস্তুতি, ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত