জুলাই আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল।
দলীয় সূত্রে জানা গেছে, জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে আসছেন। তারা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও সমাবেশে বক্তব্য রাখবেন।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম রাতের প্রথম প্রহরে ফেসবুকে লিখেন, ১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ! পরবর্তীতে তিনি কমেন্টে যোগ করেন, আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১টায়।
এর আগে মঙ্গলবার রাতে আরেকটি পোস্টে সারজিস আলম বলেন, বিপ্লবের সহযোদ্ধারা, ধুমকেতুর মতো ছুটে আসুন। আগামীকাল সকাল ১১টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ।
এদিকে, ভারতের একটি সংবাদমাধ্যম এ কর্মসূচি নিয়ে ‘মুজিবের মাজার রক্ষায় তৈরি হাসিনার কমান্ডো বাহিনী, বুধবার বড় অশান্তির আশঙ্কা বাংলাদেশে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় এনসিপি নেতা মুতাসিম বিল্লাহ বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ চাই। সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেব। যুগ্ম-সমন্বয়কারী শাকিল মিয়া যোগ করেন, নাশকতার কোনো আশঙ্কা নেই। অনুষ্ঠান শেষে নেতারা মাদারীপুরের উদ্দেশে রওনা হবেন।
নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চ এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ৬ শতাধিক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যদেরও সহায়তা নেওয়া হচ্ছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে আমরা সতর্ক রয়েছি।
প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপি ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু করেছে। ১৫ দিনে তারা তিন বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় সমাবেশ করছে।
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সংকেত সমুদ্রবন্দরে