গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০২:৫১ পিএম

জমি দখল, কমিশন বাণিজ্য, জালিয়াতি, হুন্ডি এবং অনিয়মিত উপায়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গোলাম দস্তগীর গাজী, যিনি নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী ছিলেন, তাঁর নামে এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার খাদুন এলাকায় অবস্থিত মোট ৬৯টি দলিলভুক্ত জমির পরিমাণ ৪৮৭৯.৯২ শতাংশ। দলিল অনুসারে এসব জমির মূল্য ১৬ কোটি ৫২ লাখ ৮৪ হাজার টাকা হলেও ওই জমির ওপর নির্মিত অবকাঠামো ও স্থাপনা—যার মধ্যে রয়েছে গাজী টায়ার প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাবর সম্পত্তি—সবমিলিয়ে বাজার মূল্য প্রায় ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে জানা গেছে, এই সম্পত্তিগুলো গোলাম দস্তগীর গাজী ২০১৫ সাল থেকে ২০১৮ সালের মধ্যে অর্জন করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে ঢাকার ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের একজন অনুসন্ধান কর্মকর্তা গত ৮ জুলাই ২০২৫ তারিখে ঢাকার সিনিয়র স্পেশাল জজ, মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন। আদালত ওই আবেদন মঞ্জুর করে সম্পত্তিগুলো ক্রোকের আদেশ দেন।

সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, গোলাম দস্তগীর গাজী এবং তাঁর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং ও অর্থপাচারের অভিযোগে পৃথক দুটি অনুসন্ধান চলছে। এর মধ্যে একটি অনুসন্ধান সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং অপরটি বিদেশে অর্থ পাচারের অভিযোগ ঘিরে।

এইসব অভিযোগের বিষয়ে প্রমাণ সংগ্রহ ও রেকর্ড যাচাইয়ের জন্য ইতোমধ্যে বিভিন্ন সংস্থায় চিঠি পাঠিয়েছে সিআইডি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত