সিলেটের কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্ত পথ দিয়ে নারী, শিশুসহ ৫৫ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ভোর ৪টা, সকাল ৭টা ও বেলা ১টার দিকে পুশইনের এসব ঘটনা ঘটে।
বিজিবির সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধীন সিলেট জেলা কোম্পানীগঞ্জের কালাইরাগ, জৈন্তাপুরের শ্রীপুর ও গোয়াইনঘাটের তামাবিল এবং সুনামগঞ্জের ছাতকের নোয়াকোট সীমান্ত দিয়ে এই ৫৫ জনকে পুশইন করার পর বিজিবি তাদের আটক করেছে।
বিজিবি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক সকলেই বাংলাদেশের নাগরিক। তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে বাংলাদেশে পুশইনের জন্য বিএসএফের হাতে তুলে দেয়।
বিজিবি জানায়, কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত দিয়ে পুশইনকৃত ১৯ জনের মধ্যে ৫ জন পুরুষ, ৯ জন নারী ও ৫ শিশু রয়েছে। তারা নড়াইল, কুষ্টিয়া ও খুলনা জেলার বাসিন্দা। জৈন্তাপুরের শ্রীপুর সীমান্ত দিয়ে আসা ১৩ জনের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৩ শিশু রয়েছে। তাদের বাড়ি সিলেট, হবিগঞ্জ, নরসিংদী, বরিশাল ও সাতক্ষীরায়। তামাবিলের নলজুরি এলাকা দিয়ে পুশইনকৃত ২ জনের বাড়ি যশোর জেলায়। এদিকে ছাতকের নোয়াকোট সীমান্তের ছনবাড়ি এলাকা দিয়ে পুশইন করা হয়েছে ২১ জনকে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ১৫ জন নারী ও ২ শিশু রয়েছে। তাদের বাড়ি সিলেট, নড়াইল, সাতক্ষীরা ও যশোর জেলায়।
৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই শেষে যথাযথ আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবি সদস্যরা কড়া নজরদারিসহ দায়িত্ব পালন করে যাচ্ছেন।
