ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও নারী, শিশু ও পুরুষসহ ২৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে। পঞ্চগড়ের দুটি পৃথক সীমান্তপথ ব্যবহার করে গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, পরে তাদের পঞ্চগড় সদর ও বোদা থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার গভীর রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা দাড়িয়ার মোড় সীমান্ত দিয়ে বিএসএফ ৬ নারী, ৫ শিশু ও ৬ জন পুরুষকে বাংলাদেশে ঠেলে দেয়। এ সময় তারা সীমান্তসংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। স্থানীয়রা তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। পরে বিজিবি এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের বোদা থানায় হস্তান্তর করে।
একই সময়ে সদর উপজেলার শিংরোড সীমান্ত দিয়ে আরও ২ নারী, ৩ শিশু ও ২ জন পুরুষকে দেশে ঠেলে দেয় বিএসএফ। বিজিবি তাদেরও সীমান্ত এলাকা থেকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করে।
আটক ব্যক্তিরা জানান, তারা সবাই বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার খেজুঁরবাড়িয়া এলাকার বাসিন্দা এবং গত ১০ বছর ধরে ভারতের দিল্লিতে ভাঙারির কাজ করতেন। চলতি মাসের ৬ জুলাই তাদের দিল্লি থেকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। এরপর বুধবার রাতে বিমানে করে সীমান্তে এনে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয় বিএসএফ।
পুলিশ বলছে, আটক ব্যক্তিদের প্রকৃত পরিচয় ও ঠিকানা যাচাই-বাছাইয়ের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, ‘বিজিবি ১৭ জন নারী, শিশু ও পুরুষকে থানায় হস্তান্তর করেছে। তাদের সবার পরিচয় যাচাই চলছে। যাচাই শেষ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উদীচীর সভাপতি বদিউর রহমান মারা গেছেন