বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে সাময়িক বরখাস্ত হলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও ৩ কর্মকর্তা। বৃহস্পতিবার (১৭ জুলাই) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত পৃথক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- আয়কর, গোয়েন্দা ও তদন্ত ইউনিটের আবদুল্লাহ আল মামুন; কর অঞ্চল-৬-এর কর পরিদর্শক রুহুল আমিন এবং কর অঞ্চল-২-এর কর পরিদর্শক লোকমান আহমেদ।
আদেশ অনুসারে বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় এবং এর মাধ্যমে বদলি আদেশ অমান্যকারীদের সমর্থন করায় তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৩৯(১) ধারা অনুসারে তাদের এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। তারা সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
গত মাসে এনবিআরে আন্দোলনের জেরে কয়েক দিন ধরে সংস্থাটির বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত করা হচ্ছে।
